মংলায় কার্গো থেকে পৌনে দুই কোটি টাকার তেল চুরি
বাগেরহাটের মংলা উপজেলার জয়মণি এলাকার শেলা নদীতে গত মঙ্গলবার গভীর রাতে তেলবাহী একটি কার্গো জাহাজ থেকে রহস্যজনকভাবে দুই লাখ ৮৮ হাজার ৫৬৭ লিটার ফার্নেস তেল চুরি হয়েছে। এ তেলের বাজারমূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা। কার্গোর কর্মচারীরা দাবি করেন, মুখোশ পরা একদল সশস্ত্র ডাকাত তাঁদের চেতনানাশক ইনজেকশন দিয়ে জাহাজে থাকা পুরো জ্বালানি তেলসহ অন্যান্য মালামাল লুট করে নেয় এবং ডুবিয়ে দেওয়ার জন্য জাহাজটির তলা ফুটো করে দেয়। এ ঘটনার পর থেকে কার্গোর চালক মিলু কাজী (৩৫) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে মংলা থানায় মামলা হয়েছে।মংলা থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, ‘জাহাজের কর্মচারী হাসান আলী, কাজী নজরুল ইসলাম, জুলহাস ও আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিখোঁজ চালককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’জাহাজের মালিক করিম গ্রুপের তত্ত্বাবধায়ক আলী রেজা দাবি করেন, খুলনার যমুনা ডিপো থেকে ফার্নেস তেল নিয়ে গত সোমবার রাত আটটার দিকে তাঁদের গ্রুপের কার্গো ‘ওটি নাজমা নাহার-১’ গোপালগঞ্জের বিদ্যুৎ প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার মধ্যরাতে একদল ডাকাত জাহাজের কর্মচারীদের চেতনানাশক ইনজেকশন দিয়ে সব মালামাল লুটে নেয়।