মংলায় কার্গোডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার
মংলা সমুদ্রবন্দরের হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কার্গো থেকে গতকাল সোমবার দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার কার্গোটি ডুবে যাওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। এঁরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইয়েরচর গ্রামের মো. আবু শেখের ছেলে মুরাদ শেখ (২০) এবং একই গ্রামের মো. কাঞ্চন শেখের ছেলে শাহাদাৎ শেখ (২২)। জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মংলা বন্দরের অদূরে হারবাড়িয়া এলাকায় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় এমভি মোকছেদপুর-২ নামের এই কার্গো ডুবে যায়।মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামূল হক বলেন, সোমবার বেলা সোয়া একটার দিকে নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের ডুবুরি দল কার্গোর ভেতরে তল্লাশি চালিয়ে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তবে কার্গোটি এখনো উদ্ধার করা যায়নি।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ তাঁদের গ্রামের বাড়িতে পাঠানো হবে।