মংলায় খালের ওপর ভাঙাচোরা সেতু, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা পৌরসভার নারকেলতলা গ্রামের কাটাখালের ওপর নির্মাণ করা কাঠের সেতুটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটির অধিকাংশ স্থানই ভাঙাচোরা। তার পরও ঝুঁকি নিয়ে ও কষ্ট সহ্য করে খালের দুই পাশের কয়েক হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে।নারকেলতলা গ্রামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত রায় বলেন, পৌরসভা ও পার্শ্ববর্তী চাঁদপাই ইউনিয়নের জয় খাঁ, পাকখালী, মাকঢ়ঢোন, মাছমারা ও নারকেলতলা গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা এই কাঠের সেতুটি পার হয়ে মংলা শহরে যাতায়াত করে। এক বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে পথচারীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাছমারা গ্রামের ফিলিপ হালদার বলেন, দিনের বেলায় কষ্ট করে পার হলেও রাতের বেলায় বৈদ্যুতিক বাতি না থাকায় ঝুঁকি নিয়ে সেতুটি পার হতে হয়। মাঝেমধ্যেই সেতুর ভাঙা স্থানে পা আটকে গিয়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভোগান্তির শিকার হলেও পৌর কর্তৃপক্ষ এই সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না।পার্শ্ববর্তী চাঁদপাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘আমাদের সীমানাভুক্ত না হওয়া সত্ত্বেও ইউনিয়নের উদ্যোগে আমরা একবার সেতুটির সংস্কারকাজ করেছি। কিন্তু সংশ্লিষ্ট পৌর কমিশনার এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।’স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কথা স্বীকার করে মংলা বন্দর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার হাবিবুর রহমান বলেন, তাঁরা বিষয়টি মেয়রকে জানিয়েছেন। দ্রুত দরপত্র আহ্বান করে সেতুর সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।