বাগেরহাটের মংলা উপজেলার ঘেরগুলোতে দুই মাস ধরে বিভিন্ন কারণে ব্যাপক হারে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। এ কারণে এবার উপজেলায় বাগদা উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২ হাজার ৫০০ হেক্টর কৃষিজমির মধ্যে ১০ হাজার ৮৫৮ হেক্টরে বাগদা চিংড়ির চাষ হয়ে থাকে। আর এই পরিমাণ জমিতে ছোট-বড় মিলিয়ে ঘেরের সংখ্যা পাঁচ হাজার ৫৫০টি। এ বছর বাগদা উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে চার হাজার মেট্রিক টন। অথচ নানা কারণে এবার উৎপাদনের পরিমাণ গতবারের অর্ধেক হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় চিংড়িচাষিরা।চাঁদপাই গ্রামের চিংড়িচাষি মো. আবদুল্লাহ জানান, গত ফেব্রুয়ারিতে ঘেরে পোনা ছাড়ার পর এপ্রিল থেকে হোয়াইট স্পট ভাইরাসের কারণে ঘেরে মাছ মরে ভেসে উঠছে। বর্তমান অমাবস্যার সময় প্রচুর মাছ পাওয়ার কথা থাকলেও অধিকাংশ ঘেরেই এখন মাছ নেই।সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের ব্যবসায়ী মো. ইব্রাহীম জানান, দিয়ারখন্ড এলাকায় শতাধিক বিঘা জমি ইজারা নিয়ে তিনি প্রায় ১৭ লাখ টাকা খরচ করে বাগদা চাষ করেছেন। চলতি মৌসুমের (ফেব্রুয়ারি-সেপ্টেম্বর) মাঝামাঝি সময়ের মধ্যে ঘের থেকে যে পরিমাণ মাছ পাওয়ার আশা ছিল, তাতে তাঁর বিনিয়োগের অধিকাংশ টাকাই উঠে আসার কথা। কিন্তু মড়কের কারণে মাছ মরে যাওয়ায় তিনি এখন পর্যন্ত এক লাখ টাকার বেশি মাছ পাননি।চিলা গ্রামের সত্তার, আন্ধারিয়া গ্রামের তাহের সরদারসহ আরও কয়েকজন চিংড়িচাষি জানান, গতবারের তুলনায় চিংড়িপোনার দাম এবার দ্বিগুণের বেশি। গতবারের ৩০ পয়সার একেকটি পোনার দাম এবার ৭০-৮০ পয়সা। মৎস্য কার্যালয় চিংড়িচাষিদের সচেতন করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয় না। কী কারণে ঘেরের মাছ মারা যাচ্ছে বা এ অবস্থায় চাষিদের কী করা উচিত, সে বিষয়ে চাষিদের দিকনির্দেশনা দেওয়া হয়নি।উপজেলা চিংড়ি বণিক সমবায় সমিতির সভাপতি মাহে আলম বলেন, এবার মড়কের কারণে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কম। গতবারের তুলনায় মংলার মাছের আড়তগুলোতে এবার মাছ উঠছে প্রায় অর্ধেক।উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব অবশ্য একে মড়ক বলতে রাজি নন। এ বছর উপজেলায় চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ঘের তৈরি করার সময় চাষিরা মাটির সঠিক পরিচর্যা করেন না, এছাড়া নিয়মিত প্রয়োজনীয় খাদ্য সরবরাহ না করাসহ, বিভিন্ন কারণে মাছ মারা যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা চিংড়িচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেমিনারের মাধ্যমে তাঁদের সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। কোনো ঘেরে মড়ক লাগার খবর পেলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি।’