মংলা বন্দরে ডুবে যাওয়া দুটি কার্গো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ১৪ মার্চ সুন্দরবনের প্রবেশমুখে ডুবে যাওয়া সিমেন্টবাহী কার্গোর জ্বালানি তেলের ভাসমান আস্তরণে ওই এলাকার নদীর পানি দূষিত হয়ে তা জলজ ও বন্য প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।বন বিভাগ ১৫ মার্চ সিমেন্টবাহী কার্গোটির বিরুদ্ধে বন আইনে মামলা করেছে। মালিকপক্ষ দাবি করেছে, মামলার কারণে আইনি জটিলতায় পড়ে কার্গোটি তারা উদ্ধার করতে পারছে না। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের পশুর চ্যানেল ও সুন্দরবনসংলগ্ন জয়মণি এলাকার শেলা নদীতে ১৪ মার্চ সকালে ১১ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ডুবে যায় মোজাদেদিয়া ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির কার্গো এমভি মোতাহার হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ক্লিংকারবোঝাই মোকসুদপুর-২ নামের একটি কার্গো ডুবে যায়। এখন পর্যন্ত এ দুটি কার্গো নদী থেকে ওঠানো সম্ভব হয়নি। ফলে পশুর চ্যানেল ও মংলা থেকে বিভিন্ন নৌপথে লাইটারেজ জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, সুন্দরবনের অভ্যন্তরে ডুবে যাওয়া সিমেন্টবাহী কার্গোর কারণে বনের পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে ওই কার্গোর মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোজাদেদিয়া ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, ‘বন বিভাগের দায়ের করা মামলার কারণে আদালতের সিদ্ধান্ত ছাড়া কার্গোটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামুল বলেন, ২৪ ফেব্রুয়ারি ডুবে যাওয়া মোকসুদপুর-২ নামের কার্গোটি উদ্ধারে মালিকপক্ষকে এক মাসের সময় দেওয়া হয়েছে। যথাসময়ে উদ্ধার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর শেলা নদীতে যে কার্গোটি ডুবেছে, সেটি বন্দরের চ্যানেলের মধ্যে নয়। এ বিষয়ে বিআইডব্লিউটিসি ব্যবস্থা নেবে।