মংলায় ডুবোচরে সারবাহী বিদেশি জাহাজ আটকা
মংলা বন্দরের প্রবেশমুখে প্রায় ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবোচরে গত বুধবার দুপুরে সারবাহী একটি জাহাজ আটকে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, বিসিআইসির আমদানি করা ১৯ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কোরিয়ান পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি ওশান স্টার মংলা বন্দরে আসার পথে বুধবার বেলা ১১টার দিকে বন্দরের ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া সংলগ্ন এলাকায় ডুবে চরে আটকে যায়।
জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিংয়ের প্রতিনিধি ফেরদৌস কবির জানান, জাহাজটি উদ্ধারে মংলা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার মেট্রিক টন সার খালাসের পর জাহাজটিকে চর থেকে মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জাহাজে অবস্থানরত ১৮ নাবিকও সুস্থ রয়েছেন।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার আক্তারুজ্জামান জানান, লাইটারেজ করে কিছু সার খালাসের পর ডুবোচর থেকে জাহাজটি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই এলাকায় এমভি তুপিমিডেন নামের অপর একটি বিদেশি জাহাজ ডুবোচরে আটকে গিয়েছিল।