মংলায় তক্ষকসহ বন্য প্রাণী পাচারকারী চক্রের দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় বন্য প্রাণী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার রাতে শহরের শেহালাবুনিয়া থেকে একটি তক্ষকসহ তাঁদের আটক করা হয়। মংলায় অবস্থিত কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্য প্রাণী পাচার-সংক্রান্ত লেনদেনের সময় বৃহস্পতিবার রাতে শহরের শেহালাবুনিয়া এলাকা থেকে পাচারকারী তরিকুল ইসলাম ও শাহজাহান সিদ্দিকীকে আটক করে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক শাহজাহান ও স্বপন জানান, তাঁরা চার বছর ধরে বন্য প্রাণী ক্রয়-বিক্রয়ের কাজে জড়িত। তাঁদের মুঠোফোনে রক্ষিত তক্ষকের বিভিন্ন ধরনের ছবি উপস্থাপন করে তাঁরা জনসাধারণকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে বনজসম্পদ, বাঘ ও হরিণের চামড়া পাচারেরও অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড। আটক পাচারকারীদের গতকাল শুক্রবার সকালে থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল চন্দ্র মণ্ডল বলেন, আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।