মংলায় নদীতে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু
বাগেরহাটের মংলায় গত বুধবার রাতে পশুর নদে পড়ে চিত্তরঞ্জন দাম (৭৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই সময় মংলা সমুদ্রবন্দরে অবস্থিত নৌঘাঁটির জেটিতে বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় আটটি ট্রলারের জব্দ করা মাছের নিলাম চলছিল।
চিত্তরঞ্জন দাম বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
নৌবাহিনী, জেলা মৎস্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশি জলসীমায় ভারতীয় আটটি ট্রলার অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। গত বুধবার ভোরে ভারতীয় ওই ট্রলারগুলোসহ ১০৪ জন জেলেকে আটক করে নৌবাহিনী।
এ সময় ট্রলারগুলো থেকে প্রচুর পরিমাণ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়। বুধবার সন্ধ্যায় নৌবাহিনী জেলেদের মংলা থানায় হস্তান্তর করে।
বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগার পাঠানো হয়।
ইলিশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নিলামে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়।
নৌবাহিনী ও জেলা মৎস্য বিভাগ ইলিশ বাদে অন্য মাছ নিলামে বিক্রির উদ্যোগ নেয়। এ ধরনের প্রায় ২৭৮ মণ মাছ বুধবার রাত সাড়ে নয়টার দিকে নিলামে বিক্রি করা হয়। চিত্তরঞ্জন সর্বোচ্চ ১৪ লাখ ১৫ হাজার ৭০০ টাকায় এ মাছ কিনে নেন। ক্রয় করা মাছ দেখার জন্য রাত ১০টার দিকে দিগরাজ নৌঘাঁটিতে অবস্থানরত ভারতীয় ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে তিনি পশুর নদে পড়ে যান। নদে প্রবল স্রোত থাকায় রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল বেলা ১১টার দিকে নদ থেকে তাঁর লাশ উদ্ধার করেন মংলা কোস্টগার্ডের সদস্যরা।
চিত্তরঞ্জন দামের ছেলে তুষার দাম বলেন, ‘নিলাম চলাকালে বাবা মুঠোফোনে কথা বলতে গিয়ে পা পিছলে নদে পড়ে যান। আমি তাঁকে উদ্ধারের জন্য নদে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে আমি তাঁকে খুঁজে পাইনি।’
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মানজুর এলাহী জানান, চিত্তরঞ্জন দামের লাশ গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।