মংলায় নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার
বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ তিনজনের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন মাশিদুল ইসলাম (১৯), শামীম (১৮) ও মুক্তার মোহন (৪)। প্রথম দুজন পেশায় ছিলেন রাজমিস্ত্রী।মংলার কোস্টগার্ড কেন্দ্রের সামনে মংলা নদী থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা প্রথম দুজনের লাশ উদ্ধার করেন। আর নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহনের লাশ পাওয়া যায় সন্ধ্যায়।নিহত মাশিদুল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার রফিকুল ইসলামের ছেলে। শামীম একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।গত সোমবার সকালে মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণে আসে একদল পর্যটক। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রলারটি ফুয়েল জেটির কাছে মংলা নদীতে উল্টে যায়। এতে ওই তিনজন নিখোঁজ হয়।মংলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার শেখ জানান, নিহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের লাশ শনাক্ত করেন। লাশ দুটি তাঁদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।