মংলায় নিষিদ্ধ কারেন্ট জালে পোনা আহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় সুন্দরবনসংলগ্ন পশুর নদ ও এর আশপাশের বিভিন্ন খালে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে চিংড়ি পোনা আহরণ চলছে। অতি ক্ষুদ্র ফাঁসের এ জালের ফাঁদ থেকে শুধু চিংড়ি পোনাই নয়, ডিমসহ কোনো পোনাই রেহাই পাচ্ছে না। ঘুষের বিনিময়ে বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় জেলেরা কারেন্ট জাল দিয়ে নির্বিঘ্নে পোনা আহরণ করছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাগদা চিংড়ি পোনা আহরণের মৌসুম। মৌসুমে বিভিন্ন স্থান থেকে মাছের পোনা ধরতে আসা জেলেরা উপকূলসংলগ্ন নদীর চরে মৌসুমভিত্তিক অস্থায়ী বসতি গড়ে তোলে। সম্প্রতি সরেজমিনে মংলার সুন্দরবনসংলগ্ন পশুর নদের বাজুয়া, লাউডোব, আমতলা, বানিশান্তা বাজার, চিলা ও জয়মনিরঘোল এবং পার্শ্ববর্তী বিভিন্ন খাল ঘুরে দেখা গেছে অসংখ্য জেলে কারেন্ট জাল দিয়ে চিংড়ি পোনা আহরণের নামে মৎস্যসম্পদ ধ্বংসের মহাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (পাইকগাছা নোনা পানি গবেষণাকেন্দ্র) তথ্যমতে, খুলনার পাইকগাছা ও তৎসংলগ্ন এলাকায় একটি বাগদার পোনা আহরণে ১১৯টি চিংড়ি প্রজাতির পোনা, ৩১২টি জুপ্লাঙ্কটন প্রজাতি ও ৩১টি সাদা মাছ প্রজাতির পোনা ধ্বংস হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে দেখা দিয়েছে মাছের আকাল। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, কারেন্ট জাল দিয়ে পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও জেলেরা অবৈধভাবে পোনা সংগ্রহ করছে। বিভাগীয় বন কর্মকর্তা (পূর্ব সুন্দরবন) মিহির কুমার দে বলেন, বন বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নিয়ে জেলেদের পোনা ধরায় সহায়তার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।