মংলায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলার পশুর নদীতে পর্যটকবাহী নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ গতকাল মঙ্গলবার ও গত সোমবার উদ্ধার করা হয়েছে। এরা হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু হুরাইয়া (১১) ও ইয়াকুব আলীর মেয়ে তানিয়া আক্তার (১৪)।হুরাইয়া বাকুলিয়ার সলিমুন নেছা মাদ্রাসার চতুর্থ ও তানিয়া বাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।দুর্ঘটনায় বেঁচে যাওয়া পর্যটক ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, বাকুলিয়া গ্রামের ২১ জন পর্যটক নিয়ে এমবি মায়ের দোয়া নামের একটি নৌকা গত শনিবার পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পশুর নদীতে ডুবে যায়। এরপর অন্য নৌকার পর্যটক ও বনরক্ষীদের সহায়তায় ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে তানিয়া ও আবু হুরাইয়া। গত সোমবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে মংলা বন্দরের ভেসেল জেটিসংলগ্ন নদীতে আবু হুরাইয়া ভেসে ওঠে। জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। গতকাল বিকেলে করমজলসংলগ্ন নদী থেকে তানিয়ার লাশ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। বন বিভাগের করমজল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, পর্যটকেরা ওই নৌকার ছাদে উঠে লাফালাফি ও হইচই করছিল। এতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়।