মংলায় পর্যটকবাহী ট্রলার ডুবে নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় গতকাল সোমবার সকালে সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকবাহী ট্রলার উল্টে তিনজন নিখোঁজ হয়েছেন। মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে ৫৪ সদস্যের পর্যটক দলটি বাসযোগে গতকাল ভোরে মংলায় আসে। বেলা বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি।নিখোঁজ তিনজন হচ্ছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার মাশিদুল ইসলাম (১৯), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের শামীম (১৮) এবং মেহেরপুর পৌর এলাকার মোক্তার মোহন (১৪)। পর্যটক দলের সঙ্গে আসা খোকসা গ্রামের মো. মাসুম আলী ও রিপন শেখ জানান, সকাল আটটার দিকে তাঁরা মংলা থেকে করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র পরিদর্শনে যাওয়ার জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার (জালিবোট) ভাড়া করেন। তাঁরা ৫৪ জন ওই ট্রলারে করে রওনা হন। মংলা জেটি থেকে প্রায় এক শত গজ দূরে যাওয়ার পর ফুয়েল জেটির সামনে ট্রলারটি প্রবল স্রোতে উল্টে যায়। তাঁরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন নিখোঁজ হন।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম জানান, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর পৃথক দুটি ডুবুরি দল নিখোঁজ তিনজনকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। তবে দুপুর ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ট্রলারটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী পরিবহন করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।মংলা থানার উপপরিদর্শক শওকত হোসেন জানান, পর্যটক দলটি মংলা ট্রলারঘাট থেকে টাইগার জলিল নামে এক ব্যক্তির ট্রলার ভাড়া করে। ট্রলারচালক আল আমিন ও রুবেল দুর্ঘটনার পর আত্মগোপন করেছেন।