মংলায় পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে বিক্ষোভ
বাগেরহাটের মংলায় সহস্রাধিক শ্রমিক-পরিবারের পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা গত বুধ ও গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তাঁরা পুনরায় পানি ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া না হলে বন্দর অচল করে দেবেন বলে হুমকি দিয়েছেন। শ্রমিকেরা জানান, ১৯৫০ সালে বন্দর প্রতিষ্ঠার পর থেকেই শ্রমিকেরা তাঁদের আবাসিক ভবনগুলোতে বিনা মূল্যে পানি ও বিদ্যুৎ-সুবিধা পেয়ে আসছিলেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শ্রমিকদের কল্যাণমূলক প্রতিষ্ঠান ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত করা হয়। এর পর থেকে তাঁরা নানাভাবে হয়রানি ও নির্যাতিত হয়ে আসছেন। সর্বশেষ গত মঙ্গলবার পূর্বঘোষণা ছাড়াই তাঁদের আবাসিক ভবনগুলোর পানি ও বিদ্যুৎ-সংযোগ আকস্মিকভাবে বিচ্ছিন্ন করে দেয় বন্দর কর্তৃপক্ষ। মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, ২০০৮ সালে ডক শ্রমিক বোর্ড বিলুপ্ত ঘোষণার পর ২০১১ সালে এসব শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সব পাওনা মিটিয়ে দেওয়া হয়। এখন তাঁরা আর মংলা বন্দরের কেউ নন। এখন তাঁরা যে ভবনে আছেন, তা সম্পূর্ণ অবৈধভাবে আছেন। এ পর্যন্ত কয়েক দফায় তাঁরা সময় নিয়েছেন। কিন্তু বন্দরের ভবন ছেড়ে না যাওয়ায় কর্তৃপক্ষ পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে।