মংলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু সর্দার গামা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে দুই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর গতকাল বুধবার সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু গামা বাহিনীর প্রধান জুলফিকার আলী ওরফে গামাকে বাগেরহাটের মংলা পৌরসভার নারকেলতলার একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল চন্দ্র মণ্ডল (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে পুলিশের ১২ জন সদস্য পৌরসভার নারকেলতলা গ্রামে জুলফিকারের (৪৫) ওই বাড়ি ঘিরে ফেলেন। এ সময় বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের কনস্টেবল সাগর আহত হন। তাঁকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে জুলফিকারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তল্লাশির সময় জুলফিকারের বাড়ি থেকে পাঁচটি গুলিসহ একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।নিখিল চন্দ্র মণ্ডল আরও জানান, জুলফিকারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ ডাকাতির অভিযোগে থানায় চারটি মামলা রয়েছে।