মংলায় বাড়ছে ধান চাষ, কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আইলার পর চলতি আমন মৌসুমে মংলায় ধানের ব্যাপক ফলন হওয়ায় অন্য কৃষকদের মতো হলদিবুনিয়া গ্রামের কৃষক সুবাস বৈরাগীও খুশি। নিজের খেত ঘুরে দেখছেন তিনি l ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় আইলার পর চলতি আমন মৌসুমে মংলায় ধানের ব্যাপক ফলন হওয়ায় অন্য কৃষকদের মতো হলদিবুনিয়া গ্রামের কৃষক সুবাস বৈরাগীও খুশি। নিজের খেত ঘুরে দেখছেন তিনি l ছবি: প্রথম আলো

২০০৮ সালে ঘূর্ণিঝড় আইলার সময় জলোচ্ছ্বাসে বাগেরহাটের মংলা উপজেলার বাড়িঘরসহ ফসলি জমিতে লবণাক্ত পানি ঢোকে। এরপর গত সাত বছর উপজেলায় ধানের ফলন কম ছিল। অনেক চাষি ধান চাষ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চলতি আমন মৌসুমে ধানের ব্যাপক ফলন হওয়ায় এলাকার চাষিদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় তিন যুগ ধরে ধানের পরিবর্তে বছরের প্রায় সাত মাসই বাগদা চিংড়ির চাষ হয়ে আসছে। আইলার আগে উপজেলার ১২ হাজার ৫০০ হেক্টর কৃষিজমির মধ্যে ১১ হাজার ২৫০ হেক্টরে আমন মৌসুমে ধান চাষ করা হতো। কিন্তু আইলার পরে ২০০৯-১০ অর্থবছরে ধান আবাদের জমি কমে দাঁড়ায় চার হাজার হেক্টর। ২০১০-১১ অর্থবছরে তা দেড় হাজার হেক্টরে দাঁড়ায়। অতিরিক্ত লবণাক্ততার কারণে উৎপাদন অনেক কমে যাওয়া ধানের আবাদ কমার প্রধান কারণ ছিল।
২০১১ সালের পর থেকে মংলাসহ বাগেরহাটের বেশির ভাগ এলাকায় লবণাক্ততার পরিমাণ কমতে থাকে। ফলে ধারাবাহিকভাবে ধানের আবাদ বাড়তে থাকে। গত অর্থবছরে প্রায় তিন হাজার হেক্টরে আমন ধানের চাষ হয়। এর মধ্যে ৯৭৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ধান ও বাকি জমিতে দেশীয় বা স্থানীয় ধানের চাষ করা হয়। চলতি আমন মৌসুমে ধানের ফলন গত কয়েক বছরের তুলনায় বেশি।
গত সোমবার (১৮ জানুয়ারি) মংলা উপজেলার হলদিবুনিয়া, জয়খাঁ, উলুবুনিয়া, মালগাজী, চাঁদপাই ও মিঠাখালী গ্রাম ঘুরে দেখা যায়, বিলের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত। ফলনও ভালো হয়েছে। চাঁদপাই গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আইলার পরের তিন বছর জমিতে কোনো ধান হয়নি। তার পরের দুই বছর খুব অল্প পরিমাণ ধান পেয়েছি। গতবার আমরা বিঘাপ্রতি সাত-আট মণ ধান পেয়েছি। এবার তা ১৫-২০ মণে দাঁড়িয়েছে। চিংড়ি চাষের পাশাপাশি এ রকম ধান পেলে কৃষকের আর অভাব থাকবে না।’
উলুবুনিয়া গ্রামের কৃষক সত্তার শেখ অভিযোগ করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে তাঁরা সহযোগিতা পান না। জয়খাঁ গ্রামের তালেব খাঁ, মহানন্দ মণ্ডল, অমল বিশ্বাস, ননী বাছাড়ের অভিযোগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আসেন না।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আইলার পরে বিঘাপ্রতি ধানের উৎপাদন দাঁড়িয়েছিল মাত্র পাঁচ-ছয় মণে। ধারাবাহিকভাবে তা বাড়তে বাড়তে চলতি মৌসুমে বিঘাপ্রতি উচ্চ ফলনশীল জাতের ধান হয়েছে ১৮-২০ মণ, আর স্থানীয় জাতের ধান হয়েছে ১০-১২ মণ। এ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় মাটিতে লবণের পরিমাণ কমে যায়। এ ছাড়া এবার এ অঞ্চলে ফসলের রোগও তেমন হয়নি। তিনি বলেন, ধানের ফলন বৃদ্ধির এই ধারা ধরে রাখার জন্য কৃষকদের উচিত লোনা পানি-অধ্যুষিত মংলায় চিংড়ি চাষের জন্য সারা বছর লোনা পানি জমিতে আটকে না রাখা।