মংলায় বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলীকে প্রধান আসামি করে বিএনপির ৪২ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। মংলা থানার পুলিশ রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করে গত শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালু (৪০), নয়ন (২৮) ও টুটুল (২৪)।মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শহরতলির মাদ্রাসা রোড এলাকায় জুলফিকার আলীর নেতৃত্বে বিএনপির একদল সশস্ত্র সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতা ও মেয়র জুলফিকার আলী তাঁর বৈধ অস্ত্রের অপব্যবহার করছেন। এ কারণে তাঁর বৈধ আগ্নেয়াস্ত্র জব্দসহ অস্ত্রের লাইসেন্স বাতিল করা প্রয়োজন।অপরদিকে জুলফিকার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দিতে আসা জেলা বিএনপির নেতাদের স্বাগত জানানোর সময় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা তাঁদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। আওয়ামী লীগ এ ঘটনা ধামাচাপা দিতে উল্টো বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে।’ তাঁরাও থানায় মামলা দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।মংলা থানার উপপরিদর্শক আ. ছত্তার জানান, বিএনপির পক্ষ থেকে তাঁরা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।