মংলায় বিষ দিয়ে চার শতাধিক মুরগি নিধন
বাগেরহাটের মংলায় গত মঙ্গলবার রাতে এক খামারের চার শতাধিক মুরগি মারা গেছে। খামার মালিকের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগে মুরগিগুলো মেরে ফেলেছে।খামার মালিক মোস্তফা তালুকদার জানান, মংলার বটতলা এলাকায় নিজ বাড়িতে সাত বছর ধরে তিনি মুরগির খামার করছেন। প্রতিবেশী মো. সিরাজের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে সিরাজ ও তাঁর সহযোগী নন্দবাবু খামারে বিষ ছড়িয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি সিরাজ ও নন্দবাবুর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে একটি অভিযোগ দিয়েছেন।সিরাজ বিষ প্রয়োগে মুরগি মেরে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে মোস্তফার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কথা তিনি স্বীকার করেন।’মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মংলা থানার পুলিশকে দায়িত্ব দিয়েছেন।’