মংলায় ভূমিহীনদের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলার জয়খা এলাকায় গত সোমবার চিংড়ি ঘের দখলের জন্য ভূমিহীনদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের জয়খা এলাকায় ১৯৯৬ সাল থেকে ৭২টি ভূমিহীন পরিবার সমবায়ের ভিত্তিতে ৪০ বিঘা জমিতে চিংড়ি চাষ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ ঘের পরিচালনায় ভূমিহীন ব্যক্তিদের মধ্য থেকে কবির শেখ, মন্মথ বৈরাগী, সুকুমার বালা, তাপস বালা ও আজমল শেখকে নিয়ে একটি কমিটি করা হয়। কিন্তু এ কমিটি ঘেরের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে ঘেরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি ভূমিহীন ব্যক্তিরা গত বছরের শেষদিকে স্থানীয় সাংসদ হাবিবুন্নাহারকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে কমিটির সদস্যরা ইতি পূর্বে বেশ কয়েকবার ওই ঘের দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।গ্রামবাসী জানান, সোমবার ঘের কমিটির সদস্যরা সন্ত্রাসীদের নিয়ে ভূমিহীন ব্যক্তিদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালান। এতে কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে রবিন, অলক, সুবাস ও টুকুকে রামপালের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।