মংলায় রুদ্র মেলা আজ শুরু
বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী গ্রামে আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী রুদ্র মেলা। রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে কবির গ্রামে এ মেলাকে ঘিরে মংলাবাসীর মধ্যে এখন উৎসবের আমেজ।রুদ্র মেলার আয়োজক রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা শরিফুন হাসান ওরফে বীথি গতকাল শুক্রবার দুপুরে মংলা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে জানান, কবির স্মরণে শনি ও রোববার রুদ্র মেলার আয়োজন করা হয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান শনিবার (আজ) বিকেল চারটায় এ মেলার উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সাংসদ হাবিবুন নাহার ও তথ্য মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। দুই দিনব্যাপী মেলায় থাকবে আবৃত্তি, রুদ্র সংগীত, গণসংগীত, লোকসংগীত, লালনগীতি, বাউলগান, লোকনৃত্য, নাটক ও কবি গান, লাঠি খেলা, নৌকা বাইচ এবং কারু ও লোকপণ্য প্রদর্শনী।