মংলায় শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা শহরতলির শেলাবুনিয়া বটতলা এলাকায় সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে সহিদ নামের এক ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে। মুমূর্ষু অবস্থায় প্রথমে শিশুটিকে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি শেলাবুনিয়া বটতলা এলাকায় তার নানার বাড়িতে থাকত। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী সহিদ তাকে পাশের বাড়ির পুকুরে গোসল করানোর নাম করে ডেকে নিয়ে যায়। পুকুরের পাশেই সে শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। এরপর সহিদ ঘটনা ধামাচাপা দিতে ওই শিশুটির নানার বাড়িতে তাকে ও তার নানিকে তিন দিন আটকে রাখে। আটক অবস্থায় সহিদ গোপনে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে। শিশুটির নানি রোববার পালিয়ে গিয়ে মংলার মানবাধিকারকর্মী এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মংলায় গিয়ে বিষয়টি জানান। সংগঠনের নেত্রী সুমি লিলা ও সহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল রোববার রাতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে খবর দিলে পুলিশ ওই রাতেই সহিদকে (৩২) গ্রেপ্তার করে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল বলেন, সহিদকে আজ (মঙ্গলবার) জেলহাজতে পাঠানো হবে।