মংলায় সরকারি খাদ্য গুদামের প্রাচীর নির্মাণের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোলে সরকারি খাদ্যগুদামের (ফুড সাইলো) প্রাচীর নির্মাণের কাজ গতকাল শনিবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সাংসদ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। মংলা বন্দর সূত্রে জানা যায়, বন্দরে আমদানি করা খাদ্যশস্য গুদামজাত করার জন্য খাদ্য মন্ত্রণালয় ২০১১ সালের এপ্রিলে মংলার জয়মনিরঘোলে প্রায় ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এই গুদামের ভবনের কাজ শুরু করে। কাজ এখনো চলছে। অন্যদিকে, গত ডিসেম্বরে শুরু হয় গুদামের প্রাচীর নির্মাণের কাজ। এক কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার প্রাচীর নির্মাণের কাজ পায় খুলনার ঠিকাদার প্রতিষ্ঠান শাহনেওয়াজ এন্টারপ্রাইজ। গুদামের প্রাচীর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, অভিযোগ পেয়ে স্থানীয় সাংসদ হাবিবুন নাহার গতকাল দুপুরে সেখানে ছুটে যান। সাংসদ নির্মাণকাজে নিম্নমানের রড ও পাথরসহ অন্যান্য সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। পরে তিনি তৎক্ষণাৎ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। সাংসদ হাবিবুন নাহার সাংবাদিকদের বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ করায় এ নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণে ইউএনও মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করে শাহনেওয়াজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আরিফ বলেন, এসব মালামাল শিগগিরই সরিয়ে নেওয়া হবে।