মংলায় সাবেক শুল্ক কমিশনারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণা দিয়ে বিদেশ থেকে ২৪ হাজার ২৪০ বোতল মদ আমদানির অভিযোগে মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা গতকাল সোমবার বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মংলা থানায় এ মামলা করেন।মামলার আসামিরা হলেন মংলা কাস্টমস হাউসের সাবেক কমিশনার (বর্তমানে ওএসডি) মো. নুরুল ইসলাম, অনুমোদনহীন মদ আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার মিডিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আজাদ মাহাতাব ওরফে আবুল কালাম, খুলনার মেসার্স প্রফেসি শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জুলফিকার মালেক ওরফে মনি ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল রাজ্জাক।এজাহারে বলা হয়েছে, দুবাই থেকে জাহাজে দুটি কনটেইনারে করে প্রসাধনীপণ্য আমদানির অন্তরালে মংলা কাস্টমস হাউসের সাবেক কমিশনার নুরুল ইসলামের সহযোগিতায় মিডিয়া এন্টারপ্রাইজ ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রফেসি শিপিং লাইন্স পরস্পর যোগসাজশে প্রায় সাড়ে চার কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ২৪ হাজার ২৪০ বোতল মদ আনে। কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ মংলা বন্দর জেটির ৪ নম্বর ইয়ার্ড থেকে এই মদ উদ্ধার করে। ২০০৯ সালের ২২ ডিসেম্বর এ ঘটনা ঘটে। মামলার বাদী আখতার হামিদ ভূঞা জানান, প্রাথমিকভাবে অনুসন্ধান করে দেখা গেছে, জায়নামাজ ও প্রসাধনসামগ্রী আমদানির ঘোষণা দিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের বিদেশি মদ আমদানি করা হয়। মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার আমদানি করা এই কনটেইনারের কায়িক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এ পণ্যের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিকে অন্যায় সুবিধা দিয়েছেন।এই চোরাচালানের ঘটনায় গত বছরের ৪ জানুয়ারি মংলা থানায় আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের চার কর্মকর্তার বিরুদ্ধে মংলা শুল্ক ভবনের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির একটি মামলা করেছিলেন। ওই মামলায় আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।এ ব্যাপারে কথা বলতে মংলা শুল্ক ভবনের সাবেক কমিশনার নূরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।