মংলায় সুন্দরী প্রতিযোগিতা
বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালী গ্রামের মাঠে গত সোমবার রাতে সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হয়েছে মংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ডেইজি হালদার।মফস্বলের সুবিধাবঞ্চিত মেয়েদের দীর্ঘদিনের সংস্কার ভেঙে আধুনিক ভাবনায় যুক্ত করার লক্ষ্যে মংলায় এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে মিস বাংলাদেশ স্পেশাল ব্যবস্থাপনা কমিটি। দুই হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ থেকে ১৮ বছর বয়সী ১০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় নাম নিবন্ধন করে ৩০ জন। প্রাথমিক বাছাই শেষে সেখান থেকে ১০ জনকে এক সপ্তাহ ধরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণে প্রতিযোগীদের হাঁটাচলা, বাচনভঙ্গি, দক্ষতা সর্বোপরি ব্যক্তিত্ব বিকাশের ওপর জোর দেওয়া হয়। এই ১০ জন প্রতিযোগী বিচারকদের সামনে বিভিন্ন ধাপে তাদের মেধা, বুদ্ধি, দক্ষতা ও সৌন্দর্যের পরীক্ষা দেয়। বিচারকদের রায়ে সেরা সুন্দরী নির্বাচিত হয় ডেইজি হালদার। প্রথম রানারআপ হয় বঙ্গবন্ধু মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ময়না আক্তার। দ্বিতীয় রানারআপ হয় মংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার। এরপর বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন মিস বাংলাদেশ স্পেশাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সাফকাত হাসান।মিস বাংলাদেশ স্পেশাল-২০১২ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ডেইজি বলেন, মফস্বলের মেয়েদের দীর্ঘদিনের সংস্কার থেকে বেরিয়ে আসার জন্য এ রকম প্রতিযোগিতার খুব প্রয়োজন। সাফকাত হাসান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের নারীদের আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে আমাদের এই আয়োজন।’