মংলায় সুপেয় পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দর পৌরসভায় পানি শোধন ও সরবরাহ কেন্দ্রের পুকুরের পানি তলানিতে ঠেকেছে। বৃষ্টিও তেমন নেই। তাই সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে। পানির অভাবে সীমাহীন দুর্ভোগে পড়েছে লক্ষাধিক পৌরবাসী।
অনেক পৌরবাসীর অভিযোগ, পানি শোধনাগার কেন্দ্রে মাছ চাষ, সঠিক সময়ে নদী থেকে পানি উত্তোলন না করা, অযোগ্য লোক দিয়ে শোধনাগার চালানোসহ নানা অনিয়মের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লবণ পানি-অধ্যুষিত মংলাবাসীর সুপেয় পানির সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৫ সালে পৌর এলাকায় বিশুদ্ধ পানি উত্তোলন ও সরবরাহের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে পৌরসভার মাছমারা এলাকায় ৮৪ একর জায়গায় পাঁচ লাখ লিটার ধারণক্ষমতার একটি উচ্চ জলাধার, ৪৬ কোটি লিটার ধারণক্ষমতার একটি পানি শোধন ও সরবরাহ কেন্দ্রের কাজ শুরু করা হয়। ২০১০ সালের সেপ্টেম্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ছয় বছর ধরে পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার ১ হাজার ৯০০ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে সকালে ও বিকেলে সুপেয় পানি সরবরাহ করে আসছিল। গত মাস থেকে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় শুধু সকালে একবার সামান্য পানি সরবরাহ করা হতো। ১৬ মে থেকে এ সরবরাহ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।
মংলা বাজার মসজিদের ইমাম তৈয়বুর রহমান বলেন, ১৭ মে পৌর কর্তৃপক্ষ মাইকযোগে জানিয়ে দিয়েছে, আপাতত আর পানি দেওয়া সম্ভব নয়। কিন্তু পানি ছাড়া তো এক দিনও চলা যায় না।
১৪ মে বিকেলে পানি শোধনাগার কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বিশাল পুকুরটির তলানিতে সামান্য পানি আছে। শোধনাগার-সংলগ্ন কুমারখালী গ্রামের মানিক, জাহাঙ্গীর, সোহরাব ও মাছমারা গ্রামের অশোক, খলিলসহ অনেকে প্রথম আলোকে বলেন, ‘এই পুকুরে পৌর কর্তৃপক্ষ মাছ চাষ করে। গত সপ্তাহে ১ হাজার ২০০ কেজি মাছ ধরা হয়েছে। এখানে পাম্পচালক শাহীন ও দুজন নিরাপত্তারক্ষী ছাড়া আর কোনো প্রকৌশলীকে আমরা দেখিনি।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম কায়েচ বলেন, ‘জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নদীর মিষ্টি পানি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পুকুরে তোলা হয়। কিন্তু এবার পানি তোলার মৌসুমে পুকুরে পর্যাপ্ত পানি ওঠানো হয়নি। তাই এ সংকট দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষের এই শোধনাগার প্রকল্প যাঁরা দেখভাল করছেন, তাঁরা এ বিষয়ে কতটুকু যোগ্য, তা নিয়ে প্রশ্ন আছে। তা ছাড়া পুকুরে মাছ চাষ করে সেই মাছ ধরতে গিয়েও কিছু পানি কমিয়ে ফেলা হয়েছে। বিষয়টি আমি পৌর মেয়রকে লিখিতভাবে জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে পানি শোধনের একটি গাড়িতে করে প্রতিদিন ৫০০ জনকে ১০ লিটার করে পানি সরবরাহ করছি। তবে চাহিদার তুলনায় তা খুবই কম।’
পানি শোধনাগারের পাম্পচালক শাহীন বলেন, পুকুরের কিছু অংশের খননকাজ করায় পানি শুকিয়ে গেছে। তা ছাড়া নদীর পানি এখন অনেক লবণাক্ত। সেই পানি পুকুরে ওঠানো সম্ভব হচ্ছে না। তাই বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে না।
এদিকে পৌর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের একটি পুকুরে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নারী-পুরুষ ঘণ্টার পর ঘণ্টা সারি বেঁধে দাঁড়িয়ে এক কলস করে পানি সংগ্রহ করেন। কিন্তু সেই পানিও শেষের দিকে। শেহালাবুনিয়া এলাকার গৃহবধূ প্রতিমা রানী, মানসী বিশ্বাস ও ফাতেমা বেগম বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশলের গাড়ি থেকে পানি আনতে যে লাইনে দাঁড়াতে হয়, তা তো আমাদের পক্ষে সম্ভব না। তাই এই পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে।’
পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি পুকুর ও পুরোনো পুকুরের খননকাজ একসঙ্গে শুরু করেছে। তাই এ সমস্যার সৃষ্টি হয়েছে। তা ছাড়া নদীর পানি তোলার পাইপেও তাঁরা কাজ করছেন। এ কারণে নদী থেকেও পানি তোলা যাচ্ছে না।