মংলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের উত্তর হলদিবুনিয়া গ্রামের মধ্যপাড়ার একটি বাগান থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। যাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে হলেন উত্তর হলদিবুনিয়ার সুরঞ্জন মিস্ত্রি (৩২) ও তাঁর স্ত্রী নূপুর বিশ্বাস (২০)। পরিবার সূত্র জানায়, বিবাহিত সুরঞ্জন মিস্ত্রির সঙ্গে একই এলাকার কলেজছাত্রী নূপুর বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে সুরঞ্জন স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলেকে ফেলে নূপুরকে নিয়ে পালিয়ে যান। পরে তাঁরা বিয়ে করেন। গত রোববার দুপুরে সুরঞ্জন ও নূপুর এলাকায় ফিরলে পরিবারের সদস্যরা তাঁদের গালাগাল করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গতকাল ভোরে গ্রামবাসী এলাকার একটি বাগানের গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সুরঞ্জন ও নূপুরের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ লাশ উদ্ধার করে। মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।