মংলায় হত্যাকাণ্ড সড়ক দুর্ঘটনা প্রমাণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলায় ইশতিয়াক হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনা পুলিশ সড়ক দুর্ঘটনা প্রমাণের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। নিহত ইশতিয়াকের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, এ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে প্রধান আসামির সখ্য রয়েছে। এই কারণে হত্যাকাণ্ডের ১৭ দিন পরও আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে না পুলিশ। তদন্তেও অগ্রগতি নেই। বরং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।নিহত ইশতিয়াকের (২০) বাড়ি মংলা উপজেলার মিঠেখালী গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত ২৩ আগস্ট রাত ১০টার দিকে স্থানীয় মিঠেখালী বাজার থেকে উত্তর চাঁদপাই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাবিব মোড়ল (৪২) তাঁর মোটরসাইকেলে চড়ে চরকানা সেতু এলাকায় যান। সেখানে হাবিব, ওত পেতে থাকা তাঁর সহযোগী কালু ডাকাত, ছফরুল, মিজানুর, খবিরসহ আরও কয়েকজন ইশতিয়াককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ভোরে এলাকাবাসী অচেতন অবস্থায় ইশতিয়াককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পর দিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইশতিয়াকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইশতিয়াকের বাবা চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেন ওই রাতেই হাবিব মোড়লসহ (৪০) তাঁর অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে মংলা থানায় হত্যা মামলা করেন।মিঠেখালী গ্রামের একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন, উত্তর চাঁদপাই এলাকার একটি মেয়ের সঙ্গে হাবিবের প্রেমের সম্পর্ক ছিল। পরে ওই মেয়ের সঙ্গে নিহত ইশতিয়াকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জেরেই হাবিব তাঁর সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে ইশতিয়াককে পিটিয়ে হত্যা করে। ওই মেয়ে প্রথম আলোকে বলেন, ইশতিয়াক প্রায়ই তাঁদের বাড়ি যেতেন। এ জন্য হাবিব তাঁদের বাড়ি এসে ও রাস্তাঘাটে বেশ কয়েকবার হুমকি দিয়ে বলেছিলেন, ‘এরপর ইশতিয়াককে তোর সঙ্গে দেখলে তোদের দুইজনকেই মেরে ফেলব।’ নিহত ইশতিয়াকের বাবা আফজাল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকির‌্যাসা দেওয়ার পর ইশতিয়াকের চেতনা ফেরে। তখন সে একটি কথাই বারবার বলছিল, ‘হাবিব আমাকে মেরে ফেলছে। আব্বু আমাকে বাঁচাও।’ তিনি বলেন, ‘আমি বারবার তদন্ত কর্মকর্তাকে বলেছি যে সড়ক দুর্ঘটনায় মারা গেলে আমার একমাত্র ছেলের লাশের গায়ে পেটানোর জখম থাকবে কেন? এ ছাড়া মোটরসাইকেলের পেছনে বসে থাকা হাবিব আহত হলো না কেন? মোটরসাইকেলটি লক করা ছিল। তাহলে এটি লকই বা করল কে? এ ছাড়া মোটরসাইকেলের সামনের অংশ অক্ষত ছিল।’ নিহত ইশতিয়াকের মামা নাজমুল হক অভিযোগ করেন, ‘হাবিব একজন চিহ্নিত অপরাধী। অথচ এই মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার উপপরিদর্শক (এসআই) আ. রাজ্জাকের সঙ্গে মোটরসাইকেলে হাবিবকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতে দেখা গেছে। মর্গে পাঠানো নথিতে এসআই আ. রাজ্জাক ইশতিয়াকের নামের জায়গায় ইন্ডিয়াজ লিখে দিয়েছিলেন। এ কারণে বাগেরহাটে সিভিল সার্জনের কাছে গিয়ে আমাদের ভোগান্তি পোহাতে হয়।’উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ মামলায় পুলিশের ভূমিকা খুবই বিতর্কিত। হত্যাকাণ্ডের দুই দিন পর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল ঘটনাটি দুর্ঘটনা বলে অভিহিত করেন। ময়নাতদন্তের প্রতিবেদন না পেয়েই এবং তদন্ত চলাকালে তিনি কীভাবে এই সিদ্ধান্ত দেন? আর যাকে বাঁচাতে পুলিশের এই অপতর‌্যাপরতা তিনি মংলার একজন দাগি অপরাধী। হাবিব মোড়লের বাড়ি উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে। মংলা থানা ও বাগেরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, ট্রাক চুরি, অপহরণ এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়াও খুলনা জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির মামলাসহ আরও চারটি মামলা রয়েছে। সন্ত্রাসী হাবিবের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ. রাজ্জাক বলেন, ‘মংলা থানায় আমার চাকরির বয়স মাত্র দেড় মাস। হাবিবের সঙ্গে পরিচয় দূরে থাক, আমি তাঁকে চিনিই না।’ তিনি আরও বলেন, মর্গে পাঠানো নথি ছিঁড়ে যাওয়ায় একটু সমস্যা হয়েছিল। আমি নিজে বাগেরহাটে গিয়ে ওই সমস্যার সমাধান করি।’ এ ঘটনাকে দুর্ঘটনা বলেননি দাবি করে মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ইশতিয়াকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আসামি হাবিবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি স্থানীয় সাংসদ ও আরও কয়েকজন আমাকে মৌখিকভাবে জানিয়েছেন।’