মই দিয়ে সেতু পারাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের দুটি সেতুর সংযোগ সড়ক চার বছরেও সংস্কার হয়নি। স্থানীয় লোকজন বাঁশের তৈরি মইয়ের সাহায্যে সেতু পারাপার করছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র বলেছে, ২০০৬ সালে ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের মাঝখানে দুটি খালের ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়। ২০০৯ সালের শেষের দিকে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ২০১১ সালের জুলাইতে জলোচ্ছ্বাসের কারণে সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর আর সড়ক সংস্কার করা হয়নি।
সোনাদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা আমান উল্লাহ বলেন, সংযোগ সড়ক না থাকায় পর্যটকদের পাশাপাশি স্থানীয় জনগণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মই দিয়ে সেতুতে ওঠার সময় অনেকে পড়ে গিয়ে আঘাত পাচ্ছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, সংযোগ সড়ক সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বারবার ধরনা দিলেও কাজ হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, সোনাদিয়া-ঘটিভাঙ্গা সড়ক সংস্কারের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বন বিভাগের লোকজনের বাধার কারণে প্রায় ছয় কিলোমিটার কাঁচা রাস্তা এবং সেতুর দুই পাশের সংযোগ সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, রাস্তাটি চালু করা হলে দুই পাশের প্যারাবনের পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। আর স্বাভাবিক জোয়ারের পানি চলাচল বাধাগ্রস্ত হবে। এতে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ৪০০ প্রজাতির মাছের আবাসস্থল নষ্ট হয়ে যাবে।