
ঝকঝকে নতুন সেতু। তাতে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচলের কথা ছিল। তবে তেমনটা হয়নি। সেতুর এক প্রান্তে বসানো রয়েছে মই। সেদিক দিয়ে সেতুতে উঠে খাল পারাপার হচ্ছে গ্রামবাসী। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিরছড়া খালের ওপর অবস্থিত মাঝেরপাড়া সেতুর চিত্র এটি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ৩৯ ফুট দীর্ঘ মাঝেরপাড়া সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। তবে নির্মাণের এক বছর পরও সংযোগ সড়ক না হওয়ায় উপকারের বদলে মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেতুটি।
বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শুধু মাঝেরপাড়ায় নয়, জেলার সদর উপজেলায় এমন সেতু আছে আরও তিনটি। নির্মাণের চার থেকে ছয় বছর পেরিয়ে গেলেও এসব সেতুর সংযোগ সড়ক নির্মিত হয়নি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় নির্মিত হয়েছিল সেতুগুলো। প্রতিটিতে ব্যয় হয়েছে ৩০ লাখ টাকার মতো। তবে সংযোগ সড়ক না হওয়ায় সেতুগুলোতেও মই বসিয়ে চলাচল করছে স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি কুহালংয়ের মাঝেরপাড়ায় গিয়ে দেখা যায়, সেতুর উদ্বোধনী ফলক দেওয়া অংশে সংযোগ সড়ক থাকলেও অপর অংশে একটি মই বসানো হয়েছে। সেই মই বেয়ে সেতুতে উঠছে পথচারীরা। সড়ক থেকে বেশ কয়েক ফুট উঁচু সেতুতে উঠতে ভোগান্তি বাড়ে পথচারীদের।
কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য চাইসাহ্লা মারমা বলেন, মই বেয়ে সেতুতে উঠে চলাচল করে লোকজন। এতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নারী ও শিশুদের। বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সংযোগ সড়কের জন্য বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না।
সদর উপজেলার রাজবিলা ইউনিয়নেও তিনটি সেতুর সংযোগ সড়ক নির্মিত হয়নি। এগুলো হলো উদালবনিয়া-মশাবনিয়া সেতু, নোয়াপাড়া সেতু ও কংজমাপাড়া সেতু। এসব সেতু নির্মিত হয়েছিল ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে।
রাজবিলা ইউপি চেয়ারম্যান কে অং প্রু মারমা বলেন, রাজবিলায় দীর্ঘদিন ধরে তিনটি সেতুতে সংযোগ সড়ক নেই। তিন থেকে ছয় বছর আগে নির্মিত এসব সেতুর ওপর মই বসিয়ে লোকজন চলাচল করছে।
বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বাকিরছড়া মাঝেরপাড়া সেতুর সংযোগ সড়ক শিগগিরই নির্মাণ করা হবে। এ ছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব সড়ক সংস্কারেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।