মইন উ আহমেদের আবেদন নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে করা একটি মানহানির মামলার পরিপ্রেক্ষিতে তাঁর আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে মইন উ আহমেদের বিরুদ্ধে করা ওই মানহানির মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
মইন উ আহমেদের আইনজীবী কামরুল হক সিদ্দিকী পরে প্রথম আলোকে বলেন, আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। পর্যবেক্ষণগুলো পাওয়া গেলে মামলাটি কীভাবে চলবে, সে বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে। আইনজীবী সূত্র জানায়, ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া অনুষ্ঠানে মইন উ আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে। তাঁর ওই বক্তব্য মানহানিকর আখ্যা দিয়ে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০০৯ সালের জুলাইয়ে মামলা করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সূত্র জানায়, মামলাটি খারিজ চেয়ে মইন উ আহমেদের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি নিম্ন আদালতে আবেদন করা হলে তা খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে জানুয়ারিতেই তা খারিজ হয়। এরপর মইন উ আহমেদ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দুই দিন আবেদনের ওপর শুনানি হয়।