মইন উ আহমেদের বিরুদ্ধে মামলা চলবে

সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে করা একটি মানহানির মামলায় তাঁর আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এই আদেশের ফলে মইন উ আহমেদের বিরুদ্ধে করা মানহানির মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া এক অনুষ্ঠানে মইন উ আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে।
ওই সময় বিদ্যুত্ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ।
মইন উ আহমেদের দেওয়া ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন ইকবাল হাসান মাহমুদ।
মামলাটি চলতে পারে না বলে দাবি করে তা খারিজ চেয়ে মইন উ আহমেদের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি ওই আদালতে আবেদন করা হয়। আবেদনটি খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে দেওয়ানি পুনর্বিবেচনা আবেদন করলে ওই বছরের ২৪ জানুয়ারি তা খারিজ হয়। এর বিরুদ্ধে মইন উ আহমেদ আপিল বিভাগে আবেদন করেন। গতকাল সোমবার ও আজ আবেদনটির ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত তা পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেন।
আদালতে মইনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। পরে তিনি প্রথম আলোকে বলেন, আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। পর্যবেক্ষণগুলো পাওয়া গেলে মামলাটি কীভাবে চলবে, সে বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে।