ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, আন্তর্জাতিক শক্তির ষড়যন্ত্রের কারণে ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তন হয়েছে। এর দায় রাজনীতিবিদেরা এড়াতে পারেন না। কেননা, তাঁরা সেই ষড়যন্ত্র বুঝতে ব্যর্থ হয়েছেন। ওই ঘটনার জন্য এককভাবে কাউকে দায়ী করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী সংগঠন চিরন্তন বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এমাজউদ্দীন এ কথা বলেন।সংগঠনটি ‘১১ জানুয়ারির পর গণতন্ত্র ও সংবিধান রক্ষায় বিশেষ অবদান’স্বরূপ বিএনপি-জামায়াতপন্থী ১১ জন রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী ও সংগঠককে সংবর্ধনা দেয়।এমাজউদ্দীন আহমদ বলেন, ‘মইনকে দোষ দিয়ে লাভ নেই। ওই সময়ে মইন না হয়ে অন্য কেউ সেনাপ্রধান থাকলেও একই ঘটনা ঘটত। বুঝতে হবে, কেন কয়েকজনকে সুপারসিড করে মইনকে সেনাপ্রধান করা হয়েছিল। কেন ফখরুদ্দীনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছিল। এ সবই ছিল ষড়যন্ত্রের অংশ।’ এই অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাবেক সম্পাদক আমানুল্লাহ কবীর, তারেক রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও চিরন্তর বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান।