মইনুল হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। গত বছরের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ্।আলোচক হিসেবে থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী, হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক উপদেষ্টা ও ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান।জেনারেল মইনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর কবর জিয়ারত, কোরআনখানি ও এতিমদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন জেনারেল মইনের পরিবারের সদস্যরা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু ঠিক আগে ১৯ মার্চ জয়দেবপুরে সেনা-বিদ্রোহের অন্যতম প্রধান নায়ক ছিলেন তখনকার মেজর মইন। মুক্তিযুদ্ধের সময় তিনিই মেজর পদবির একমাত্র সেনা কর্মকর্তা, যিনি যুদ্ধক্ষেত্রে সার্বক্ষণিক উপস্থিত থেকে একটি ব্যাটালিয়ন পরিচালনা করেছেন। ’৭১ সালের ১৬ ডিসেম্বর ৮০০ সেনা নিয়ে তিনি প্রথম ঢাকায় প্রবেশ করেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি ১৬ বছর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৯ সালে তিনি অবসরে যান। ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হন।