অপরিকল্পিতভাবে ২০০৭ সালে র্যাংগস ভবন ভাঙতে গিয়ে ১৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করার সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।এ ছাড়া কমিটি মইনুল হোসেনের বিরুদ্ধে উত্থাপিত সব কটি অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সুপারিশ করেছে।এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য গুলশানে বরাদ্দ করা বাড়ি হস্তান্তর এবং কিস্তির টাকা মওকুফ বিধিসম্মত না হওয়ায় আগামী আগস্টের মধ্যে তাঁর কাছ থেকে প্রাপ্য টাকা সুদে-আসলে আদায়ের সুপারিশ করা হয়।মইনুল হোসেনের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কমিটির সদস্য নসরুল হামিদকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি গতকাল তাদের এসংক্রান্ত তদন্ত প্রতিবেদন মূল কমিটির কাছে হস্তান্তর করে। কমিটি সেই প্রতিবেদনের ভিত্তিতেই এসব সুপারিশ করে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, জহিরুল ইসলাম, নূর-এ আলম চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নসরুল হামিদ নয়টি সুপারিশ বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে বলা হয়, ফুটপাতের জমি দখল করে নকশাবহির্ভূতভাবে মুসাফির টাওয়ার নির্মাণ করা হয়েছে। ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য রাজউককে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অঙ্গীকারনামা অনুসরণ না করায় মইনুল হোসেন ও তাঁর পুত্র আরশাদ হোসেনের (মুসাফির টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।