সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বা বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বিচার সমর্থন করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত সন্দেহভাজন যুদ্ধাপরাধের বিচার হবে ‘প্রতীকী’। এই বিচারের নামে কাউকে হয়রানি করা হবে না।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে এসব কথা জানান। ২০০৯ সালের ১৮ জুন মরিয়ার্টির সঙ্গে বৈঠক করেন সৈয়দ আশরাফ। ওই বৈঠকেই মরিয়ার্টিকে এসব কথা জানান তিনি। উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। তারবার্তায় বলা হয়, সৈয়দ আশরাফ মার্কিন রাষ্ট্রদূতকে জানান, আওয়ামী লীগের অনেকেই মইন উ আহমেদকে বিচারের মুখোমুখি করার পক্ষে ছিলেন। তবে শেখ হাসিনা তাঁকেসহ উপদেষ্টাদের বিচারের আওতায় আনার বিষয়টি নাকচ করে দেন। প্রতিশোধ না নেওয়ার হাসিনার এ অবস্থান আওয়ামী লীগের অনেক নেতা সমর্থন করেন।তারবার্তায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের কাজের জন্য তাঁদের সংসদীয় কমিটির সামনে হাজির করার পরিকল্পনা হয়। সংশ্লিষ্ট সংসদীয় কমিটির চেয়ারম্যানকে অবজ্ঞা করেন সৈয়দ আশরাফ। ওই সংসদীয় কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীর। তত্ত্বাবধায়ক সরকারের সময় মহীউদ্দীন খান দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাজা পেয়েছিলেন।মার্কিন ওই তারবার্তায় আরও বলা হয়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত সন্দেহভাজন যুদ্ধাপরাধের ‘প্রতীকী’ বিচার হবে বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, খুব অল্প সংখ্যক ব্যক্তিকে ওই বিচারের আওতায় আনা হবে। বিচারের জন্য মামলা করা ও তথ্য-প্রমাণ সংগ্রহ হবে ‘দীর্ঘ প্রক্রিয়া’। এ জন্য পাঁচ বছরেরও বেশি সময় লাগতে পারে। বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তিদের লঘুদণ্ড দেওয়া হতে পারে। সৈয়দ আশরাফ স্বীকার করেন, এই বিচারের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে। এ ছাড়া পাকিস্তান যুদ্ধাপরাধের এই বিচারের কঠোর বিরোধী। তিনি বলেন, ইসলামাবাদের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে সর্বোচ্চ পর্যায়ে বৈঠকে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে ব্যাখ্যা দেওয়া হবে।বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের নেতারাও এমন হত্যাকাণ্ড চান না। তিনি জানান, সম্প্রতি দুজন কলেজছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই মামলা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে আনবে বলে আশাবাদী তিনি। মরিয়ার্টিকে সৈয়দ আশরাফ জানান, শিগগিরই মানবাধিকার কমিশন গঠনসংক্রান্ত আইন সংসদে পাস করা হবে।প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর দিয়ে ‘কালো টাকা’ বিনিয়োগের সুযোগ দেওয়া প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, এটি শুধু এখন নয়, ভবিষ্যতেও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক যাতে বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা পায় তার জন্য পদক্ষেপ নিতে মরিয়ার্টিকে আহ্বান জানান আশরাফ।তারবার্তায় মার্কিন দূতাবাসের মন্তব্য অংশে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সৈয়দ আশরাফ ছাড়া সরকারের নীতি এবং রাজনীতির বিষয়ে কথা কেউ বলেন না। যুদ্ধাপরাধ, কালো টাকা সাদা করাসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে সরকারের অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা দেন আশরাফ।