মঈনুদ্দীন-আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, তার আদেশ দেয়া হবে ২৪ জুন।

আজ রোববার এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি জেয়াদ আল মালুম ও সাহিদুর রহমান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত দুই আনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।

দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক ও চিকিত্সককে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ এনে শুনানিতে মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরোধিতা করে।

গত ২৭ মে মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁদের আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা ওই সময়ের মধ্যে উপস্থিত হননি। পুলিশের দেওয়া প্রতিবেদনেও তাঁরা দুজন পলাতক। ট্রাইব্যুনাল মনে করছেন, আন্তর্জাতিক (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ অনুযায়ী তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর নির্দেশ দেওয়া যায়।

রাষ্ট্রপক্ষ গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

ওই দিন রাষ্ট্রপক্ষ জানায়, যেহেতু তাঁরা দুজন যৌথভাবে একই অপরাধ করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ না এনে একসঙ্গে ১৬টি অভিযোগ আনা হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-২-এ পাঠায়।

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর মঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। গত বছরের ৯ অক্টোবর তাঁদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়। তদন্তে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্ত সংস্থা ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।

তদন্ত সংস্থা সূত্র জানায়, একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’, আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।