
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মঈনুস সুলতানের ভ্রমণগল্প রবার্ট ফ্রস্ট ট্রেইলের সোনালি পরাগ। প্রকাশক প্রথমা প্রকাশন। এ বই লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু বনানীতে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে। বিশ শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে লেখক যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। বনজঙ্গলে পদব্রজে ঘুরে বেড়ানোর জন্য তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করেন। তারপর আমেরিকার নিসর্গশোভিত পাহাড়, হ্রদ, পাথর ও প্রাণীতে ভরপুর জনবিরল অরণ্যানীতে ঘুরে বেড়াতে শুরু করেন।
প্রথমে তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রবার্ট ফ্রস্ট ট্রেইল, ব্লু হিলস পাহাড় ও ভরমান্টের তুষারাচ্ছন্ন টাকোনিক ক্রেস্ট ট্রেইল প্রভৃতি জায়গায় ভ্রমণের বিবরণ দেন। পরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শ্যানানডোয়া ন্যাশনাল পার্কের ওল্ডর্যাগ পাহাড়ের ছায়াশোভিত উপত্যকা পর্যন্ত তাঁর ভ্রমণ-অভিজ্ঞতা বিস্তৃত হয়।
লেখক তুষারপথের যাত্রা শেষে পাঠককে পরিচয় করিয়ে দেন ক্যানসারে মরণাপন্ন নেটিভ আমেরিকান নারী মিমোজা ও তাঁর পুরুষ সুহৃদ কেলভিনের সঙ্গে। ভার্জিনিয়ায় যাওয়ার পথে কাকতালীয়ভাবে তাঁর যোগাযোগ ঘটে কম্বোডিয়ার খেমার বংশোদ্ভূত স্ট্রিপার গার্ল চম্পো ও তার প্যাট্রন ইসরায়েলের পক্ষে লবি করা মি. গোল্ডস্টিনের সঙ্গে। বার্ক লেকে তাঁবু খাটিয়ে রাত যাপন করে পাঠককে নিয়ে ঢুকে পড়েন শ্যানানডোয়ার সংরক্ষিত বনানীতে। এরপর উঠে পড়েন ওল্ডর্যাগ পাহাড়ের চূড়ায়। নেমে আসার পথে দেখা হয় এক যুবকের সঙ্গে, যিনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুঁজছেন খনিজ পাথর। শেষ পর্বে লেখক হাজির হন অরণ্যে পদব্রজে ঘুরে বেড়ানোদের এক মাহফিলে। সেখানে পরিচয় করিয়ে দেন প্রজাপতি পোষা পুরুষ আর্থার ওয়েসলি ও পায়ে উল্কি আঁকা নারী বিয়াত্রিসের সঙ্গে।
এবার প্রথমা থেকে কিশোরদের জন্য লেখা মঈনুস সুলতানের আরেকটি ভ্রমণগল্পের বই প্রকাশিত হয়েছে বাতিঘরে উড়ুক্কু কাঠবিড়ালী। দুটো বই-ই পাওয়া যাচ্ছে একুশে বইমেলায়, প্রথমার প্যাভিলিয়নে।