মওদুদ-আনোয়ার-রফিকুলের তিন মাসের জামিন মঞ্জুর
রাজধানীর মতিঝিল থানায় করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যের তিন মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিএনপির নেতারা হলেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞা।
আইনজীবীরা জানান, এই মামলায় জামিন পাওয়ায় এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞার কারামুক্তিতে বাধা নেই। তবে মওদুদ আহমদের নামে একটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম বাংলাদেশে সমাবেশে তাণ্ডবের পরদিন ৬ মে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিচারিক আদালতে বিএনপির ওই তিন নেতার জামিন নামঞ্জুর হয়। এরপর তাঁরা হাইকোর্টে জামিন আবেদন করেন।
আদালতে বিএনপির তিন নেতার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহম্মদ আলী, জয়নাল আবদীন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
পরে রফিকুল ইসলামের আইনজীবী ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, আদালত বিএনপির তিন নেতার তিন মাসের জামিন মঞ্জুর করেছেন। রফিকুল ইসলামের মুক্তিতে আইনগত বাধা নেই।