মওদুদ আহমদকে জিজ্ঞাসাবাদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্ষমতার অপব্যবহার করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশিদ ওই মামলায় মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে ২৭ জানুয়ারি তাঁর উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।
সরকারি ক্ষমতার অপব্যবহার (জালিয়াতি) করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে দুদক মওদুদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে ১৭ জানুয়ারি গুলশান থানায় এ মামলা করে।
এজাহারে বলা হয়েছে, মওদুদ আহমদ ও তাঁর ভাই রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভোগদখল করে আসছেন। ১৯৬১ সালে পাকিস্তানি নাগরিক মো. এহসানের নামে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক) বাড়িটির দখল হস্তান্তর করে। পরে এহসানের আবেদনের ভিত্তিতে প্লটের মালিক হন তাঁর স্ত্রী ও অস্ট্রেলিয়ার নাগরিক ইনজে মারিয়া ফ্ল্যাজ। মারিয়ার মৃত্যুর পর তাঁর স্বামী এহসান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে চলে যান। এজাহারে বলা হয়েছে, মওদুদ আহমদ তাঁর ক্ষমতা ও প্রভাব খাটিয়ে লন্ডনপ্রবাসী ভাই মনজুর আহমদের নামে ১৯৭৩ সালের ২ আগস্ট তারিখের একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।
গুলশান আবাসিক এলাকার এন ডব্লিউ (এইচ) ৬, হোল্ডিং নম্বর ১৫৯, গুলশান অ্যাভিনিউয়ে প্লটটির আয়তন এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক।