মওদুদ আহমদকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৭ (গাবতলী) আসনের সাংসদ মওদুদ আহমদকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদল গতকাল বুধবার মওদুদের কুশপুত্তলিকা দাহ করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে। গতকাল বিকেলে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাবুল আলম, হারুনর রশিদ প্রমুখ।বক্তাদের অভিযোগ, ‘গত সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মওদুদ আহমদ বলেন, বঙ্গবন্ধুর অবস্থান জিয়ার অনেক ওপরে। তাঁর সঙ্গে জিয়ার তুলনা মানায় না। যাঁর যাঁর অবদান, তা স্বীকার করা উচিত।’ বক্তারা বলেন, মওদুদের এই বক্তব্য বিভ্রান্তিমূলক। এতে দলীয় নেতাকর্মীদের কাছে ভুল সংকেত পৌঁছবে। বিএনপি ও তার অঙ্গ-সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। এটা বগুড়া বিএনপির কোন নেতাকর্মী মেনে নেবে না।জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘মওদুদের বগুড়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। দলের সব নেতা-কর্মীকে মওদুদের সঙ্গে সব ধরনের যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হলো।’ তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষকে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখিয়েছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সন্তান না হলে, আর কেউ হতে পারেন না। বিএনপির স্থায়ী কমিটির দায়িত্বশীল পদে থেকেও মওদুদ আহমদের এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে মওদুদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম এক বিবৃতিতে মওদুদকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।