বাড়ি দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে তাঁকে লিভ টু আপিল করতে বলেছেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে মওদুদ আহমদ নিজের পক্ষে শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান পরে প্রথম আলোকে বলেন, মওদুদ আহমদ এখনো হাইকোর্টের রায়ের প্রত্যয়িত অনুলিপি পাননি বলে আদালতকে জানিয়েছেন। তাই আদালত আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত লিভ টু আপিল করার জন্য সময় দিয়েছেন।
গত ২৩ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারিক আদালতের আদেশ বৈধ বলে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে যান মওদুদ। ১৬ আগস্ট চেম্বার আদালত মওদুদের আবেদনের ওপর কোনো আদেশ না দিয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
রাজধানীর গুলশানে পরিত্যক্তঘোষিত সরকারি একটি বাড়ি ক্ষমতার অপব্যবহার করে ভোগদখলের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গত বছরের ২৬ মে আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন। অভিযোগপত্র আমলে নেওয়ার ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মওদুদ।