মওদুদ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র গতকাল রোববার গ্রহণ করেছেন আদালত। আদালত মনজুর আহমদকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেছেন এবং আগামী ২২ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। এ সময় মওদুদ আহমদ আদালতে হাজির ছিলেন।
সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৭ ডিসেম্বর গুলশান থানায় এই মামলা করে। দুদক তদন্ত শেষে গত ২৬ মে মওদুদ ও মনজুর আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৬০ সালের ২৪ আগস্ট গুলশান আবাসিক এলাকায় এক বিঘা ১৩ কাঠা আয়তনের (হোল্ডিং নম্বর ১৫৯) প্লটটি পাকিস্তানি নাগরিক মো. এহসানকে হস্তান্তর করে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক)। পরে লিজ গ্রহীতার প্রত্যর্পণ-সংক্রান্ত আবেদনের ভিত্তিতে তাঁর স্ত্রী ইনজে মারিয়ার (অস্ট্রেলিয়ান) নামে প্লটটি ১৯৬৫ সালে লিজ দলিল হিসেবে রেজিস্ট্রি করে দেওয়া হয়। সরকারি পরিত্যক্ত সম্পত্তি তালিকা প্রণয়ন-সংক্রান্ত ‘মিনিস্ট্রি অব কেবিনেট অ্যাফেয়ার্স’ জারির আগেই ইনজে মারিয়া ও তাঁর স্বামীর দেশত্যাগের কারণে প্লটটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত হয়। ‘মওদুদ আহমদ উক্ত সম্পত্তি আত্মসাতের অসৎ উদ্দেশ্যে নিজেকে ইনজে মারিয়া প্রদত্ত আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) দাবিদার দেখানোর জন্য ১৯৭৩ সালের ২ আগস্ট একটি আমমোক্তারনামা তৈরি করেন এবং তা তাঁর সুবিধামতো সময়ে ব্যবহার করেন।