মওদুদ ও মোশাররফের মামলার শুনানি হয়নি
সরকারি বাড়ি কেনা-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গতকাল রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়। গতকাল মওদুদ আহমদের আইনজীবীরা উচ্চ আদালতের আবেদন নিষ্পত্তি না হওয়ায় শুনানি মুলতবি রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানা যায়, গুলশানে বসবাসরত মওদুদ আহমদের বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। পরে ওই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে অর্থ পাচার মামলায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আতাউর রহমান গতকাল এ তারিখ ধার্য করেন।
এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি এই অর্থ পাচার করেন। এই অভিযোগে গত বছর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।