আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা সম্পর্কে বিএনপির নেতা মওদুদ আহমদ মিথ্যাচার করেছেন এবং ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য দিয়েছেন। গতকাল রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মামলাগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে উচ্চ আদালতে বিচারযোগ্য নয় বলে খারিজ হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মওদুদ আহমদসহ অনেকেই এ ধরনের সুযোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী সম্পর্কে মনগড়া বক্তব্য দিয়ে মওদুদ আহমদ জাতিকে বিভ্রান্ত করেছেন। তাঁর বক্তব্য আদালত অবমাননার শামিল। তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য মওদুদের প্রতি আহ্বান জানান।প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো মামলা প্রত্যাহার করা হয়নি, দুর্নীতি দমন কমিশনও প্রত্যাহার করেনি। বরং তারেক রহমান ও মওদুদ আহমদের মামলা প্রত্যাহার করা হয়েছে। মওদুদ একমাত্র ব্যক্তি, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দণ্ড মওকুফের মাধ্যমে জিয়ার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন।