মওদুদ, মোশাররফ হাশেমের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা নিম্ন আদালতে চলবে৷ গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন৷
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মোশাররফ ও শিল্পপতি হাশেমের মামলা চলতে আর কোনো বাধা নেই৷
এর আগে মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করলে তা খারিজ হয়ে যায়৷ তাঁরা ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান, সেখানেও তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ আর মামলা বাতিলের জন্য এম এ হাশেমের আবেদন হাইকোর্ট মঞ্জুর করেছিলেন৷ ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে যায়৷ সেখানে তাঁদের আবেদন মঞ্জুর হলো৷
জানা আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদক ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছিল৷ আর খন্দকার মোশাররফের বিরুদ্ধে জানা আয়ের সঙ্গে সংগতিহীন ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে মামলায়৷