মওদুদকে জিজ্ঞাসাবাদের নোটিশ বাতিল
মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিল করেছেন হাইকোর্ট।
দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে মওদুদের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন।
আদালতে নিজের পক্ষে ছিলেন মওদুদ আহমদ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজ মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করবে দুদক।
মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মওদুদ আহমদকে ২০১২ সালের ৪ জুলাই জিজ্ঞাসাবাদের নোটিশ দেয় দুদক। ১১ জুলাই তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৮ জুলাই মওদুদ আবেদন করেন। তখন হাইকোর্ট দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল দেন। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন হাইকোর্ট।