মওদুদকে দেখতে হাসপাতালে মজীনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান মজীনা। সেখানে তিনি অসুস্থ মওদুদ আহমদের পাশে কিছু সময় কাটান। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
গত রোববার বেলা আড়াইটার দিকে হঠাত্ বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদ পড়ে যান। তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিত্সা নিচ্ছেন।
মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর থেকে মওদুদ আহমদ আবারও বুকে ব্যথা অনুভব করছেন। তাঁর সিটি এনজিওগ্রাম করা হয়েছে।
এদিকে মওদুদ আহমদ ও দলের স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি কামনা করে আজ দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।