মওদুদসহ নোয়াখালীর কয়েক নেতা আইনজীবী ফোরামকে বিভক্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ নোয়াখালীর কয়েকজন আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বিভক্ত করার ষড়যন্ত্র করছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা গতকাল মঙ্গলবার এই অভিযোগ তোলেন। তিনি বলেন, এ জন্য সেই আইনজীবীরা লুকিয়ে কমিটি গঠন করেছেন। তবে নতুন কমিটির নেতারা দাবি করেছেন, এই কমিটি খালেদা জিয়া গঠন করেছেন। নাজমুল হুদা কমিটিতে পদ না পাওয়ায় এমন অবান্তর অভিযোগ আনছেন। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সানাউল্লাহ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আর সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হয়েছেন জয়নুল আবেদিন ও সাধারণ সম্পাদক হয়েছেন এম বদরুদ্দোজা। তাঁদের মধ্যে কেবল মাহবুবউদ্দিনের বাড়ি নোয়াখালী। তবে জাতীয় প্রেসক্লাবে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন করে গত কমিটির দুই সদস্য নাজমুল হুদা ও জিয়াউর রহমান খান অভিযোগ করেন, বর্তমান কমিটিকে না জানিয়ে ফোরামের নতুন কমিটি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে তা অবৈধ। যোগাযোগ করা হলে নবগঠিত সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, আগের কমিটির সভাপতি ছিলেন টি এইচ খান, সাধারণ সম্পাদক ছিলেন আমিনুল হক। তাঁদের কমিটি ২০০৫ সালে ভেঙে দেওয়া হয়। এরপর খন্দকার মাহবুবউদ্দিন আহমাদকে সভাপতি ও খসরুজ্জামানকে সদস্য সচিব করে একটি কমিটি হয়। তাই নতুন কমিটি করতে ভেঙে দেওয়া কমিটির সঙ্গে আলোচনার দরকার নেই। সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান খান অভিযোগ করেন, নতুন কমটি গঠনের পেছনে মওদুদ আহমদের হাত আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ভাঙিয়ে এটা করা হয়েছে। কারণ আইনজীবী ফোরাম বিএনপির অঙ্গসংগঠন নয়। তাই এর অনুমোদন বিএনপির চেয়ারপারসন দেন না। নাজমুল হুদা বলেন, ‘মওদুদ সাহেব এই কমিটি গঠনে কলকাঠি নেড়েছেন। এভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রিম কোর্ট ইউনিটের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করায় জাতীয়তাবাদে বিশ্বাসী আইনজীবীদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।’ তিনি মওদুদ আহমদকে সুবিধাভোগী ও ডিকবাজ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ সম্পর্কে নাজমুল হুদা বলেন, বিভিন্ন সময়ে মওদুদ সাহেব নানা সুবিধা নিয়েছেন। তিনি বিভিন্ন সরকারের মন্ত্রী, উপরাষ্ট্রপতি ছিলেন। ডিগবাজির রাজনীতিবিদ হিসেবে তিনি সুপরিচিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে তাঁকে বহিষ্কারও করা হয়েছিল। নাজমুল হুদা বলেন, পকেট কমিটি করার মতো সংগঠন আইনজীবী ফোরাম নয়। নোয়াখালীর এই আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে ‘নোয়াখালী সমিতি’ বানাতে চাচ্ছেন। উল্লেখ্য, মওদুদ আহমদ ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলায়। নাজমুল হুদা এসব নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বর্তমান কমিটির প্রতি আস্থা রাখার জন্য সারা দেশের বিএনপিপন্থী আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কিছু বিএনপির নেতা সরকারের সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়ে ফোরামকে বিভক্ত করতে চাইছেন।লিখিত বক্তব্যে জিয়াউর রহমান খান দাবি করেন, ফোরামের বর্তমান সভাপতি টি এইচ খানসহ অন্য নেতারা নবগঠিত কমিটির কথা শুনে বিস্মিত হয়েছেন। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি কাজ করবে। নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘কমিটি করেছেন খালেদা জিয়া। এরপর আমাকে জানিয়েছেন। দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এটা পত্রিকায় পাঠিয়েছেন। নাজমুল হুদা সাহেবের উচিত চেয়ারপারসন আসা পর্যন্ত অপেক্ষা করা।’ সাধারণ সম্পাদক মাহবুবউিদ্দন প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই কমিটি অনুমোদন করেছেন। জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে তিনি যা ভালো মনে করেন সেটাই করেছেন। তিনি বলেন, ‘কমিটি গঠনের ব্যাপারে আমার ও মওদুদ সাহেবের কোনো হাত ছিল না। নাজমুল হুদা সাহেব পদ না পেয়ে এমন অভিযোগ করছেন।’এক প্রশ্নের জবাবে মাহবুবউদ্দিন বলেন, ‘তাঁর (নাজমুল হুদা) মতো জাতীয় নেতাদের কাছ থেকে এমন আঞ্চলিকতা গ্রহণযোগ্য নয়। তা ছাড়া নতুন কমিটির পাঁচ সদস্যের মধ্যে কেবল আমি নোয়াখালীর।’ তিনি বলেন, কমিটি নিয়ে সন্দেহ থাকলে নাজমুল হুদা তো চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে পারেন। ৯ সেপ্টেম্বর চেয়ারপারসন দেশে ফিরলে সব পরিষ্কার হবে।