মওদুদসহ বিএনপির আরও ৪১ নেতার বিচার শুরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির আরও ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ত্রাস সৃষ্টির মামলায় বিচার শুরু হলো। এ নিয়ে এ ধরনের পাঁচটি মামলায় প্রায় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।
সর্বশেষ গতকালের মামলায় ১২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মামলার বিচার শুরু হলেও আরও অন্তত ৭০টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শুধু ঢাকায় বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের নেতাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ত্রাস সৃষ্টির মামলার সংখ্যা ২০০। ঢাকার বাইরে এই সংখ্যা কত, তা বিএনপি বা অন্য কোনো সূত্র বলতে পারছে না।
রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের মামলায় গতকাল ঢাকার মহানগর দায়রা জজ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া অভিযোগ গঠনের আদেশ দেন। এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, আমান উল্লাহ, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ। ২১ জন আসামি আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতি চান। কিন্তু আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন। পলাতক ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত বছর ৬ মার্চ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশের কর্মসূচি চলাকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোহার রড, শাবল নিয়ে অবস্থান নিয়ে পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মওদুদকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ। গত বছরের ২৭ মার্চ দ্রুত বিচার আইন ২০১০ এর ৪ ও ৫ ধারায় অভিযুক্ত করে মওদুদসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রতিহত করার আন্দোলন চলাকালে শুধু ঢাকাতেই বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০০টি মামলা হয়। আসামি করা হয় নামে এক হাজার ৪০০ এবং বেনামে কয়েক হাজার লোককে। তবে এর মধ্যে একই ব্যক্তি একাধিক মামলায় আসামি। গত সাত মাসে ৭০টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ২১ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মির্জা ফখরুল একাই ৪৭টি মামলায় আসামি। সর্বশেষ গত রোববার ফখরুলের বিরুদ্ধে মানহানির অভিযোগে আরও একটি মামলা হয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সরকার নড়বড়ে অবস্থানে আছে। বিএনপির আন্দোলনের ঘোষণায় ভিত হয়ে তা রাজনৈতিকভাবে মোকাবিলা না করে মামলার কৌশল নিয়েছে। কিন্তু এতে কোনো কাজ হবে না। তিনি সরকারের এই কৌশলকে পুরোনো ও অপকৌশল বলে মন্তব্য করেন।
বিএনপিপন্থী একজন আইনজীবী বলেন, গত সোমবার রাজধানীর পল্টন ও বিমানবন্দর থানায় পুলিশের করা দুটি মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ জোটের ১৬১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগেরদিন বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব হাবিব-উন-নবী খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠন করা হয়।