মওদুদসহ ৪১ নেতার বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত
মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪১ জন নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত।
ঢাকা মহানগর দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান গতকাল সোমবার মামলার নথি মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়েছেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, মামলার বিচারকাজ শুরুর ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ মামলায় ৩১ আসামি পলাতক রয়েছেন। তাঁদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি বলেন, মামলাটি বিচারের জন্য প্রস্তুত এবং পরবর্তী পদক্ষেপ নিতে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
গতকাল এ মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় মামলার অপর আসামিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লা, শহীদ উদ্দীন চৌধুরী ও রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বিএনপির কার্যালয়ের সামনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলায় বিএনপির ৪১ জন নেতার বিরুদ্ধে গত ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পল্টন থানার পুলিশ। তাতে ৩১ জনকে পলাতক দেখানো হয়। গত ১৬ এপ্রিল অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৬ মার্চ নয়াপল্টনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ চলাকালে এজাহারে উল্লেখ করা আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার আসামি বিকেল পৌনে পাঁচটায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। তাঁরা লোহার রড, শাবল, লাঠি ইত্যাদি নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় পল্টন থানার পুলিশ মামলা করে।
মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর শরফত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ও আজিজুল বারী, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী ও আমিরুল ইসলাম, ছাত্রদলের বর্তমান সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, যুবদলের নেতা হামিদুর রহমান ও রফিকুল আলম, ছাত্রদলের নেতা এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, ইসহাক সরকার; খন্দকার এনামুল হক, হুমায়ুন কবির রওশন, আবুল মনসুর খান, ফখরুদ্দিন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর নেতা রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি আবদুল জব্বার প্রমুখ।