চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা অভিযোগ করেছেন, সাঈদী তাফসিরের নামে বিভিন্ন সময় পবিত্র কোরআন শরিফ ও ইসলামের ভুল ব্যাখ্যা দিয়েছেন। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বক্তব্য নবী (সা.)-এর প্রতি অবমাননাকর। তাঁদের বক্তব্যের প্রতিবাদ করায় চট্টগ্রামে ১০ আলেমকে হত্যার পরিকল্পনা করেছে জামায়াত-শিবির।গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের বিবিরহাট এলাকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসা পরিচালনাকারী আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে আলেমরা এই অভিযোগ করেন। ‘দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা হত্যা পরিকল্পনার’ প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। লিখিত বক্তব্যে জামায়াত ইসলামীকে ‘তথাকথিত ইসলামি’ দল অভিহিত করেন জালালুদ্দিন। তিনি বলেন, ‘আবুল আলা মওদুদীর ব্যাপারে মুসলিম জনতাকে সতর্ক করার দায়িত্ব পালন করছে সুন্নি আকিদার আলেমরা। এ কারণেই আলেমরা দলটির চক্ষুশূল।’ যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে জালালুদ্দিন বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। কারও অপরাধ প্রমাণিত হলে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’গত সোমবার নগরের বিবিরহাট এলাকায় আটক একজন শিবিরকর্মীর পকেটে শীর্ষ ১০ আলেমের নামের একটি তালিকা পাওয়া যায়। আটক শিবিরকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তালিকায় থাকা ১০ আলেমকে হত্যার পরিকল্পনা করছিল শিবির। ওই তালিকার শীর্ষে ছিলেন জালালুদ্দিন।সংবাদ সম্মেলনে জালালুদ্দিন বলেন, ‘আলেমদের ওপর জামায়াত-শিবিরের হামলার নীলনকশা একাত্তরের বুদ্ধিজীবীদের ওপর হামলার নীলনকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা শীর্ষস্থানীয় আলেমদের হত্যা করে এ দেশের মুসলমানদের নেতৃত্বশূন্য করার এক মহাচক্রান্ত।’ দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবের বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত আলেমরা বলেন, ‘এটা একেবারে অবাস্তব, আজগুবি ও ভিত্তিহীন।’ সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘ইসলামের দৃষ্টিতে সংখ্যালঘুরা রাষ্ট্রের আমানত। তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।’ কোনো ধরনের রাজনীতির সঙ্গে মাদ্রাসাটির সখ্যতা নেই দাবি করে আলেমরা বলেন, ‘নবীবিদ্বেষীদের প্রতি আমরা সব সময় সোচ্চার। কেউ ইসলাম ও নবীর অসম্মান করলে তার প্রতিবাদ করা হবে।’সংবাদ সম্মেলনে আলেমদের হত্যা পরিকল্পনার নিন্দা জানিয়ে নেপথ্য নায়কদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাতটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—দেশের শীর্ষ আলেমদের বিশেষ নিরাপত্তা দেওয়া, দেশবাসীর জানমালের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া, ইসলাম অবমাননাকারী ও বিশৃঙ্খলায় উসকানিদাতাদের শাস্তির বিধান রেখে সংসদে আইন প্রণয়ন এবং ফেসবুক ও ব্লগে মহানবী (সা.)-এর অবমাননাকারীদের শনাক্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক, জামেয়া পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম প্রমুখ।